
অ্যাপল প্রায় এক মাস আগে প্রথম এ বিষয়ে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এবং বর্তমানে তারা ওয়াশিংটনে নিজেদের পরিচিত মহলের সঙ্গে এ নিয়ে আলোচনা চালাচ্ছে।
চিপের চরম বৈশ্বিক সংকট ও ডিভাইসের ক্রমাগত মূল্যবৃদ্ধি সামাল দিতে মার্কিন কালো তালিকাভুক্ত চীনা মেমোরি চিপ নির্মাতা কোম্পানির দ্বারস্থ হয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
চীনের সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পেন্টাগনের মাধ্যমে নিষিদ্ধ এ কোম্পানির কাছ থেকে চিপ কিনতে ট্রাম্প প্রশাসনের অনুমতি নেওয়ার চেষ্টা চালাচ্ছে আইফোন নির্মাতা কোম্পানিটি।
অ্যাপলের এ সম্ভাব্য পদক্ষেপকে মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে ‘মারাত্মক ভুল’ হিসেবে বর্ণনা করে তীব্র আপত্তির আভাস দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে, অ্যাপল চীনের মেমোরি চিপ নির্মাতা কোম্পানি সিএক্সএমটি-এর কাছ থেকে চিপ কিনতে চাচ্ছে, যাকে সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগন ‘১২৬০এইচ’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে।