
গতকাল দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সেই সঙ্গে কমেছে রুপার দাম। ২২ ক্যারেটের, অর্থাৎ ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমেছে। বিশ্ববাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। গত সোমবারও স্বর্ণের দাম কমানো হয়েছিল। ফলে গত সোমবার ও গতকাল মঙ্গলবার-এই দুই দিনে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৬ হাজার ৫৯০ টাকা।
নতুন দাম অনুযায়ী, গতকাল ২২ ক্যারেটের স্বর্ণের দাম কমে হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা; ১৮ ক্যারেটের এক ভরির দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরির দাম পড়বে প্রায় ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা। গতকাল সকালে মূল্যবৃদ্ধির আগে স্বর্ণের দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
এদিকে গতকাল রুপার দামও কমেছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম পড়বে ৪ হাজার ৪৯০ টাকা। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর ৫ শতাংশ। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলংকারে ভ্যাটের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।