
গোপালগঞ্জ-২ আসনের সাবেক এমপি শেখ ফজলুল করিম সেলিম ও ভোলা-৩ আসনের সাবেক এমপি নূরন্নবী চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন।
শেখ ফজলুল করিম সেলিমের ব্যাপারে আবেদনে বলা হয়েছে, আসামি শেখ ফজলুল করিম সেলিম কর্তৃক ১৩ কোটি ৫৯ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার দায়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ, সঠিকতা যাচাই এবং আসামির মালিকানাধীন অন্য কোনো সম্পদ আছে কি না, তা যাচাই,পরীক্ষা, নিরীক্ষা করার জন্য তার দাখিলকৃত আয়কর রিটার্নসমূহ শুরু থেকে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত ও এর সঙ্গে সংযুক্ত বা সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র জব্দপূর্বক পর্যালোচনা করা আবশ্যক।
নূরন্নবী চৌধুরীর ব্যাপারে আবেদনে বলা হয়েছে, আসামি নূরন্নবী চৌধুরী কর্তৃক ৫১ কোটি ৯ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার দায়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ, সঠিকতা যাচাই এবং আসামির মালিকানাধীন অন্য কোনো সম্পদ আছে কি না, তা যাচাই, পরীক্ষা, নিরীক্ষা করার জন্য আসামি নূরন্নবী চৌধুরী কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নসমূহ শুরু থেকে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত ও এর সঙ্গে সংযুক্ত অথবা সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র জব্দপূর্বক পর্যালোচনা করা আবশ্যক।