
চলতি জুলাই মাসের প্রথম চার দিনে দেশে ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) দাঁড়ায় ৪ হাজার ৩০৪ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকা। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৭৩ লাখ ডলার বা ১ হাজার কোটিরও বেশি টাকা। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। গত বছরের একই সময়ে এসেছিল ৩৬ কোটি ডলার।
এর আগে গত জুন মাসে দেশে এসেছে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার।