
ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)-এর কাছ থেকে ৬০ মিলিয়ন ইউরোর দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা পেয়েছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংকের জন্য কোনো আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান থেকে পাওয়া এটিই এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা। ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে সংগ্রহকৃত এই ১২ বছর মেয়াদি ফান্ড দেশের গ্রিন ট্রানজিশন বা পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি করা হবে। এটি দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর টেকসই বিনিয়োগ আরও দ্রুত বাস্তবায়ন করবে, যা বাংলাদেশের পরিবেশবান্ধব অর্থনীতিতে উত্তরণ ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই তহবিলটি মূলত দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সার্কুলার ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি সাশ্রয় এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে বিনিয়োগ করতে সাহায্য করবে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম রপ্তানি খাত হিসেবে এই দীর্ঘমেয়াদি অর্থায়নের ফলে তৈরি পোশাক শিল্প আরও পরিবেশবান্ধব, সম্পদণ্ডসাশ্রয়ী ও টেকসই উৎপাদন ব্যবস্থায় রূপান্তরের সুযোগ পাবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি