ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দেশের সামগ্রিক রপ্তানি হ্রাসের চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। সদ্য সমাপ্ত অর্থবছরে দেশের মোট রপ্তানিতে বেপজা ১৭ দশমিক ৫১ শতাংশ অবদান রাখার পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে রেকর্ড গড়েছে। বেপজা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের সামগ্রিক রপ্তানি কিছুটা হ্রাস পেলেও বেপজাধীন জোনসমূহ রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক ধারা বজায় রেখেছে। আলোচিত অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় হয়েছে ৪৮ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে বেপজাধীন জোনসমূহ থেকেই রপ্তানি হয়েছে ৮ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য, যা দেশের মোট রপ্তানির ১৭ দশমিক ৫১ শতাংশ।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট রপ্তানি ছিল ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার এবং বেপজার পরিমাণ ছিল ৮ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার। সেই তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে দেশের সামগ্রিক রপ্তানি যেখানে শূন্য দশমিক ৫৮ শতাংশ হ্রাস পেয়েছে, সেখানে বেপজার রপ্তানি ২ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে বিনিয়োগকারীদের দ্রুত ও সহজে বিনিয়োগ সেবা প্রদান এবং সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করায় ২০২৫-২৬ অর্থবছরে নতুন বিনিয়োগ প্রস্তাব ও লিজ চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে এক অভূতপূর্ব মাইলফলক স্পর্শ করেছে বেপজা। সদ্য সমাপ্ত এ অর্থবছরে চীন, দক্ষিণ কোরিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, সামোয়া ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ৩৬টি প্রতিষ্ঠান বিনিয়োগের লক্ষ্যে বেপজার সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষর করেছে।

এই প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৭১৭ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার, যা বেপজার ইতিহাসে একক অর্থবছরে সর্বোচ্চ বিনিয়োগ প্রস্তাব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত