
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য সবুজ অর্থায়নের সুযোগ সম্প্রসারণে ওয়ানট্রুভ্যালু (ওটিভি)-এর সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগ টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশকে নিম্ন-কার্বন অর্থনীতির দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। এই চুক্তিটি বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় পরিচালিত ‘অ্যাকসেস টু গ্রিন ফাইন্যান্সিং (এ২জিএফ) ফর এন্টারপ্রাইজেস- স্কেল অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় সম্পাদিত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে নিজেদের সবুজ অর্থায়ন সক্ষমতা আরও জোরদার করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্কুলার ইকোনমিভিত্তিক উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করবে ব্র্যাক ব্যাংক। এছাড়াও, স্পেশালাইজড অ্যাসেসমেন্ট টুলস ও কারিগরি দক্ষতার মাধ্যমে গ্রিন ইনভেস্টমেন্ট মূল্যায়নে ব্যাংকটির সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে এই উদ্যোগ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি