ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

উৎসে কর আদায়ে এনবিআরের ৫ নির্দেশনা

উৎসে কর আদায়ে এনবিআরের ৫ নির্দেশনা

দেশের কর অঞ্চলগুলোর বিশেষ টিম দেশব্যাপী উৎসে কর কর্তন তদারকি ও যাচাই করার কার্যক্রম জোরদার করেছে। এনবিআরের নির্দেশনায় এ কার্যক্রম জোরদার করা হয়। রোববার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ বিষয়ে কর কর্মকর্তাদের জন্য পাঁচটি নির্দেশনা দিয়েছে এনবিআর। আয়কর আইন ২০২৩-এর ধারা ১৪৭ অনুসারে কর কর্মকর্তারা যেসব কাজ করতে পারবেন, সেই নির্দেশনাগুলো হলো-

১. যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ব্যবসাকেন্দ্র বা দপ্তরে বিনা বাধায় প্রবেশ ও সরেজমিন পরিদর্শন।

২. প্রতিষ্ঠানের হিসাবের বই, ভাউচার, ব্যাংক হিসাব বিবরণী, রসিদ ও অর্থনৈতিক কার্যক্রমণ্ডসম্পর্কিত যেকোনো নথিপত্র পরীক্ষা ও তলব করা।

৩. প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য পরীক্ষা এবং প্রয়োজনে পাসওয়ার্ড বা এনক্রিপশন ভাঙার মাধ্যমে প্রবেশ করা।

৪. উৎসে কর্তিত করের সত্যতা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় হিসাবের খাতা, নথিপত্র, ইলেকট্রনিক রেকর্ড বা ডিভাইস সাময়িকভাবে জব্দ করা ও নিজস্ব হেফাজতে রাখা।

৫. যেকোনো নথিপত্র, ইমেজ বা অ্যাকাউন্টের কপি সংগ্রহ করা এবং তাতে শনাক্তকরণ চিহ্ন বা সিলমোহর ব্যবহার করা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজস্ব আহরণের জন্য এসব কার্যক্রমে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি বা অসহযোগিতার জন্য ১৪৭ (২) ধারায় জরিমানার বিধান রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত