
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত সুলতানগঞ্জ নৌবন্দর পুনরায় দ্রুত চালু করতে কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) নেতৃবৃন্দ। তারা বলেন, বন্দরটি চালু হলে ব্যবসা-বাণিজ্যের খরচ কমবে, আঞ্চলিক ব্যবসা চাঙ্গা হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
নৌবন্দরটি চালুর বিষয়ে একটি প্রতিবেদন তৈরির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চাওয়া তথ্য সংগ্রহ এবং অবকাঠামো পরিদর্শনের জন্য আরসিসিআই’র একটি প্রতিনিধি দল বন্দর এলাকা পরিদর্শন করে। পরিদর্শনকালে আরসিসিআই সভাপতি হাসেন আলী, সাবেক সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান শান্তনু, সহ-সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক গোলাম সাকলাইন এবং আমদানিকারক-রপ্তানিকারক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।