
আগামী বছরের মধ্যে বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে বেসরকারি বিমান পরিবহণ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। ১৯ জুলাই সন্ধ্যায় কক্সবাজারের একটি হোটেলে ইউএস-বাংলা এয়ারলাইনসের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কাঠমান্ডু, কলম্বো, হংকং এবং মালয়েশিয়ার জোহর বাহরু ও পেনাংসহ নতুন কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানিয়েছে তারা।
ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০১৪ সালে যশোর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার মাধ্যমে ইউএস-বাংলার যাত্রা শুরু হয়। বর্তমানে এর বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে। এগুলো দিয়ে দেশের ছয়টি অভ্যন্তরীণ এবং ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। দেশি ও আন্তর্জাতিক রুট মিলিয়ে প্রতিদিন প্রায় ১০০টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে ইউএস-বাংলার বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হবে। এর মধ্যে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ এনজি। নতুন উড়োজাহাজগুলো জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর হবে।