
দেশে টানা কয়েক মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে অবস্থান করছে। উচ্চ সুদের হার সত্ত্বেও মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় না নামায় বর্তমান সুদের হারভিত্তিক মুদ্রানীতি কাঠামোতে পরিবর্তনের কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা হলো, ধীরে ধীরে সুদের হারকে মূল লক্ষ্য না রেখে মূল্যস্ফীতিকে নির্দিষ্ট লক্ষ্যে নামিয়ে আনার ভিত্তিতে একটি আধুনিক মুদ্রানীতি কাঠামো গড়ে তোলা। গত রোরবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ ব্যাংক এ পরিকল্পনার কথা তুলে ধরে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ‘বাংলাদেশ ব্যাংক এবং মুদ্রানীতি’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ কমিটির সদস্যরা অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থ মন্ত্রণালয়, এনবিআর এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের মতে, ভবিষ্যতে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে হলে বর্তমান মুদ্রানীতির কাঠামোকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে হবে। এ জন্য শুধু সুদের হার বাড়ানো বা কমানোর মাধ্যমে অর্থনীতি নিয়ন্ত্রণের পরিবর্তে মূল্যস্ফীতিকে নির্দিষ্ট লক্ষ্যে রাখাকে কেন্দ্র করে নীতি পরিচালনার প্রয়োজন হবে। একই সঙ্গে ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন করে কেন্দ্রীয় ব্যাংকের আইনগত সক্ষমতা ও স্বাধীনতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জুন মাসে দেশের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। এর আগে টানা তিন মাস ধরেই মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি রয়েছে। এমন পরিস্থিতিতে উচ্চ নীতি সুদহার প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না বলে সংসদীয় কমিটির বৈঠকে প্রশ্ন তোলেন কয়েকজন সংসদ সদস্য।