
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সরকারি যানবাহনের জন্য ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম (ভিটিএস) ও সংশ্লিষ্ট অন্য সব সেবা দেবে বাংলা ট্র্যাক গ্রুপের ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম কারকোপোলো। গতকাল সোমবার সকালে রাজধানীর দিয়াবাড়িতে ডিএমটিসিএলের প্রধান কার্যালয়ে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়েছে। ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মোহাম্মদ নজরুল ইসলাম এবং কারকোপোলোর থানে সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. তানভীর সিদ্দিক চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় ডিএমটিসিএলের সরকারি বহরে কারকোপোলোর ভিটিএস স্থাপন করা হবে। এর মাধ্যমে যানবাহনের তাৎক্ষণিক অবস্থান (রিয়েল-টাইম ট্র্যাকিং), রুট পর্যবেক্ষণ, যাত্রার ইতিহাস, চালকের আচরণ বিশ্লেষণ এবং কেন্দ্রীয়ভাবে বহর ব্যবস্থাপনার সুবিধা পাওয়া যাবে। এতে বহরের কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনা, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ দেশের গণপরিবহন খাতে ডিজিটাল বহর ব্যবস্থাপনা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক টেলিমেটিকস প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বহর ব্যবস্থাপনায় স্বচ্ছতা, যানবাহনের নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি আধুনিকায়ন নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
কারকোপোলো বাংলাদেশের একটি জিপিএসভিত্তিক স্মার্ট ভেহিকেল ট্র্যাকিং সেবা, যা ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনের জন্য রিয়েল-টাইম পর্যবেক্ষণ, নিরাপত্তা এবং বহর ব্যবস্থাপনার প্রযুক্তিনির্ভর সমাধান দিয়ে থাকে।