
গ্রাহকদের ডিজিটাল সংযোগ ও সেবার অভিজ্ঞতাকে আমূল বদলে দেওয়ার এক দশক উদযাপন করতে মাইজিপি’র ১০ম বর্ষপূর্তি পালন করছে গ্রামীণফোন। ২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে মাইজিপি একটি টেলিকম সেলফ-সার্ভিস অ্যাপ থেকে বিবর্তিত হয়ে বাংলাদেশের অন্যতম বৃহত্তম ডিজিটাল ইকোসিস্টেমে পরিণত হয়েছে। বর্তমানে ২ কোটি ৩০ লাখেরও বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে এবং গ্রামীণফোনের ৯৯ শতাংশেরও বেশি পণ্য ও সেবাকে একক প্ল্যাটফর্মের আওতায় নিয়ে এসেছে অ্যাপটি।
সংযোগের বাইরেও গ্রাহকদের দৈনন্দিন ডিজিটাল জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে মাইজিপি। অ্যাপটি ‘লিঙ্কড অ্যাকাউন্ট’ এবং ‘ফ্যামিলি প্যাক’-এর মাধ্যমে পরিবার ও প্রিয়জনদের যুক্ত রাখার সুবিধা দিচ্ছে। পাশাপাশি অ্যাপটিতে রয়েছে খেলাধূলা ও বিনোদনমূলক কনটেন্ট; সম্প্রতি তুমুল জনপ্রিয় ফিফা বিশ্বকাপ ২০২৬-ও স্ট্রিম করেছে প্ল্যাটফর্মটি। নিরবচ্ছিন্ন ডিজিটাল পেমেন্টের মাধ্যমে রয়েছে নেটফ্লিক্স, হৈচৈ, চরকি ও আইটিউনসসহ বিনোদনমূলক প্ল্যাটফর্মগুলোর ডিজিটাল সাবস্ক্রিপশন ও ভাউচার সুবিধা।