ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আইজিএনডির আওতায় বছরে ১ বিলিয়ন ডলারের বেশি প্রকল্প

কর্মসূচি চিহ্নিত করেছে বাংলাদেশ-এডিবি
আইজিএনডির আওতায় বছরে ১ বিলিয়ন ডলারের বেশি প্রকল্প

বাংলাদেশের সমন্বিত প্রবৃদ্ধি ও বিনিয়োগ এজেন্ডা এগিয়ে নিতে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বছরে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্ভাব্য প্রকল্প কর্মসূচি চিহ্নিত করেছে। এ উদ্যোগের আওতায় সংস্কার, বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে সমন্বিত করে দেশের বিভিন্ন অঞ্চলের প্রবৃদ্ধির সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এডিবির দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের পাঁচ দিনের বাংলাদেশ সফর শেষে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। সফরকালে এডিবির পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস), সংস্কার ও বিনিয়োগের অগ্রাধিকার এবং ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) উদ্যোগের বাস্তবায়ন নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়।

ইংমিং ইয়াং বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রা এখন এমন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, যেখানে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, বেসরকারি বিনিয়োগ ত্বরান্বিত করা এবং অর্থনীতির স্থিতিস্থাপকতা জোরদার করা জরুরি। আইজিএনডি সংস্কার, বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে দেশের বিভিন্ন অঞ্চলের সম্ভাবনা উন্মোচনে সহায়তা করতে পারে।

সফরকালে পরিবহন, লজিস্টিকস, জ্বালানি ও ডিজিটাল সংযোগের মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে ডিজিটাল সংযোগকে ভবিষ্যৎ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে এডিবির পরবর্তী সিপিএসের সঙ্গে সরকারের মধ্যমেয়াদি সংস্কার ও উন্নয়ন পরিকল্পনার সামঞ্জস্য, বেসরকারি খাতের নেতৃত্বে অর্থনৈতিক বহুমুখীকরণ এবং অর্থনীতির স্থিতিস্থাপকতা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়। এ সময় ব্যাংকিং খাত ও পুঁজিবাজারের উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

চট্টগ্রামে অনুষ্ঠিত আইজিএনডি বিষয়কজাতীয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংমিং ইয়াং। তিনি বলেন, অবকাঠামো, লজিস্টিকস, জ্বালানি, নগর উন্নয়ন ও মানবসম্পদে সমন্বিত বিনিয়োগ উৎপাদনশীলতা বাড়ানো, বিনিয়োগ আকর্ষণ, মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সফরকালে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এসব বৈঠকে ব্যাংকিং খাত ও পুঁজিবাজার সংস্কার, নবায়নযোগ্য জ্বালানি, বেসরকারি বিনিয়োগ, জলবায়ু-সহনশীল বিনিয়োগ, ডিজিটাল রূপান্তর এবং চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সহ-অর্থায়ন, কারিগরি সহায়তা, নীতি-সংলাপ এবং আইজিএনডির আওতায় বেসরকারি মূলধন আকর্ষণের বিষয়েও মতবিনিময় করেন তিনি। চট্টগ্রাম সফরকালে ইংমিং ইয়াং এডিবির ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন’ কর্মসূচির আওতায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং সফরকালে বিভিন্ন বৈঠক ও অনুষ্ঠানে ইংমিং ইয়াংয়ের সঙ্গে অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত