
বাংলাদেশে একটি মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি (এমআরসি) প্রতিষ্ঠার সম্ভাবনা, সম্ভাব্য কাঠামো এবং আবাসন অর্থায়ন ও পুঁজিবাজারের উন্নয়নে এর ভূমিকা নিয়ে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে গত বুধবার কমিশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিক ও হোসেন সাদাত, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম, নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।
বৈঠকে একটি মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠার সম্ভাব্যতা, এর কাঠামো এবং দেশের আবাসন অর্থায়ন ব্যবস্থায় এর সম্ভাব্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একটি কার্যকর মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠিত হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি পুনরর্থায়ন সুবিধা পেতে পারে। এতে এসব প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি আবাসন ঋণ প্রদানের সক্ষমতা বাড়ার পাশাপাশি প্রাথমিক বন্ধকি ঋণের (প্রাইমারি মর্টগেজ) বাজারও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে।