ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

৩৯ ব্যাংকের গঠিত বিএসআইসির প্রথম এমডি ওয়াইজ রহিম

৩৯ ব্যাংকের গঠিত বিএসআইসির প্রথম এমডি ওয়াইজ রহিম

দেশের স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাত্রা শুরু করা বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) পিএলসির প্রথম ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্যোক্তা ও ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ বিশেষজ্ঞ ওয়াইজ রহিম।

দেশের ৩৯টি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গঠিত বিএসআইসিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রাতিষ্ঠানিক ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তার এ নিয়োগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় গঠিত বিএসআইসির মূল লক্ষ্য হলো দেশের সম্ভাবনাময় ও উচ্চ প্রবৃদ্ধিসম্পন্ন স্টার্টআপগুলোর জন্য দেশীয় প্রাতিষ্ঠানিক মূলধনের সংস্থান করা। একই সঙ্গে দেশের ভেঞ্চার ক্যাপিটাল বাজার ও উদ্ভাবনী উদ্যোক্তা ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করাও প্রতিষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য।

এরইমধ্যে বিএসআইসি তাদের প্রথম বিনিয়োগ তহবিল ‘অঙ্কুর’ চালু করেছে। প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বা ৪২৫ কোটি টাকার এই তহবিলের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের সম্ভাবনাময় স্টার্টআপগুলোতে বিনিয়োগ করা হবে।

আগামী পাঁচ বছরে ‘অঙ্কুর’ তহবিলের আকার ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশে কার্যরত ব্যাংকগুলোকে প্রতিবছর তাদের বার্ষিক মুনাফার ১ শতাংশ স্টার্টআপ ইকুইটি ফান্ডে বিনিয়োগ করতে হবে। এর ফলে দেশের স্টার্টআপ খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিএসআইসিতে যোগদানের আগে ওয়াইজ রহিম লন্ডনভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান স্টারজন ক্যাপিটালে বাংলাদেশ অংশের ভেঞ্চার পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানটি মধ্য এশিয়া, পাকিস্তান ও বাংলাদেশজুড়ে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ ব্যবস্থাপনা করে।

স্টারজন ক্যাপিটালে দায়িত্ব পালনকালে তিনি সম্ভাবনাময় বিনিয়োগের সুযোগ চিহ্নিতকরণ, বিনিয়োগযোগ্যতা যাচাই, ডিউ ডিলিজেন্স এবং পোর্টফোলিও কোম্পানির উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে যুক্ত ছিলেন।

ওয়াইজ রহিমের নিয়োগ প্রসঙ্গে বিএসআইসির চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, আমাদের প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ওয়াইজ রহিমের মধ্যে ভেঞ্চার বিনিয়োগ অভিজ্ঞতা, উদ্যোক্তাসুলভ দৃষ্টিভঙ্গি এবং প্রতিষ্ঠান গড়ে তোলার সক্ষমতার এক বিরল সমন্বয় রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত