
নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস’ সার্ভিসে ই-টিকিটিং কার্যক্রম চালু করেছে সহজ লিমিটেড। এ উদ্যোগের আওতায় ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় পরিচালিত মোট ১৪টি মহিলা বাসে পিওএস মেশিনের মাধ্যমে ই-টিকিটিং সেবা দেওয়া হচ্ছে। সম্প্রতি তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে নারী যাত্রীরা বাসে ওঠার পর পিওএস মেশিনের মাধ্যমে দ্রুত ও সহজে ই-টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা টিকিটিং প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে। এ উদ্যোগে ই-টিকিটিং পার্টনার হিসেবে সহজ লিমিটেড প্রযুক্তিগত সমাধান ও বাস্তবায়ন সহযোগিতা দিচ্ছে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহজের সংশ্লিষ্ট টিম বিআরটিসি ডিপোগুলোতে সরাসরি উপস্থিত থেকে মহিলা বাসগুলোর কন্ডাক্টরদের পিওএস মেশিন ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণে পিওএস মেশিন পরিচালনা, ই-টিকিট ইস্যু এবং টিকিটিং-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে কন্ডাক্টরদের ধারণা দেওয়া হয়।