
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল ও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাটির প্রশাসন ও অর্থ ডিভিশন থেকে শীর্ষ কর্মকর্তার দায়িত্ব বণ্টন সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। এর আগে গত ১৮ আগস্ট তিনজন পরিচালককে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেয় বিএসইসি। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন মোহাম্মদ মাহমুদুল হক, রাজীব আহমেদ ও মো. মনসুর রহমান।
তথ্য অনুযায়ী, বিএসইসিতে নির্বাহী পরিচালকের মোট ১২টি পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে ১১টি পদে কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। একটি পদ শূন্য রয়েছে। শিগগিরই ওই পদে পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ দেওয়া হতে পারে। বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজমকে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগ এবং গভর্ন্যান্স পারফরম্যান্স মনিটরিং সিস্টেমের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তিনি অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন। আনোয়ারুল ইসলামকে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স এবং মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তিনি ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ও ডেরিভেটিভস বিভাগের দায়িত্বে ছিলেন। মীর মোশাররফ হোসেন চৌধুরীকে ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তিনি মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের দায়িত্বে ছিলেন।
আবুল কালামকে ডেরিভেটিভস বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আগের মতোই কমিশনের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।
নতুন নির্বাহী পরিচালকদের মধ্যে মোহাম্মদ মাহমুদুল হককে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজীব আহমেদকে আইসিটি বিভাগের এবং মনসুর রহমানকে অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে চার নির্বাহী পরিচালকের দায়িত্ব অপরিবর্তিত রাখা হয়েছে। মাহবুবুর রহমান চৌধুরী আগের মতো আইন বিভাগের দায়িত্বে, কামরুল আনাম খানকে চিফ অ্যাকাউন্ট্যান্ট বিভাগ এবং ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে, রিপন কুমার দেবনাথ এনফোর্সমেন্ট বিভাগে এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) এবং করপোরেট ফাইন্যান্স বিভাগে বহাল রয়েছেন। আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব দায়িত্বে পদায়ন করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।