
বিনিয়োগকারী, সাধারণ নাগরিক ও পুঁজিবাজারের অংশীজনদের জন্য তথ্য ও বিভিন্ন সেবা আরও সহজলভ্য করতে নতুন ও আধুনিক অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিদ্যমান অনলাইন প্ল্যাটফর্ম আধুনিকায়ন এবং তথ্য ও সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করার উদ্যোগের অংশ হিসেবে নতুন ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে এবং কমিশনার তানভীর হাবিব রহমানের তত্ত্বাবধানে ওয়েবসাইটটি উন্নয়ন করা হয়েছে। কমিশনের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের উদ্যোগে এবং একটি প্রযুক্তি সহযোগী প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় এর উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়। নতুন ওয়েবসাইটে বিএসইসির আইন ও বিধিমালা, বিভিন্ন প্রয়োগমূলক ব্যবস্থা, সংবাদ বিজ্ঞপ্তি, দরপত্র বিজ্ঞপ্তি, গুরুত্বপূর্ণ অফিস আদেশ, নিবন্ধিত পুঁজিবাজার অংশীজনদের তালিকা, আইপিও ও আরপিও প্রসপেক্টাসসহ কমিশন-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সহজেই পাওয়া যাবে। এ ছাড়া বিনিয়োগকারী, পুঁজিবাজারের অংশীজন এবং বিভিন্ন সেবা গ্রহণকারী সাধারণ মানুষ বিএসইসির বিভিন্ন সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য আগের তুলনায় দ্রুত ও সহজে সংগ্রহ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সিকিউরিটিজ মার্কেট নিয়ন্ত্রক সংস্থার আধুনিক ওয়েবসাইটের আদলে নতুন ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এতে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক ও ব্যবহারবান্ধব ইন্টারফেস এবং তথ্য ও সেবা সহজে পাওয়ার সুবিধা রাখা হয়েছে। কমিশন আশা করছে, নতুন ওয়েবসাইটটি পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো, তথ্যের অবাধ ও সুশৃঙ্খল প্রবাহ নিশ্চিত করা এবং বিনিয়োগকারীবান্ধব সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ওয়েবসাইটটি www.sec.gov.bd ঠিকানায় পাওয়া যাচ্ছে। বিএসইসি জানিয়েছে, তাদের আগের ওয়েবসাইটটি বন্ধ থাকবে।