
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৪৩ কোটি ৫৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় পাঁচ হাজার ৩৬২ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৪ কোটি ৩৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ছয় কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে দুই কোটি ৫৩ লাখ ৯০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৯ লাখ ২০ হাজার ডলার। এ পাঁচদিনে দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১০ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার।