
দেশের সব তফসিলি ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি বিস্তারিত সার্কুলার জারি করে দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংক 'ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১' (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সব নির্দেশনা জারি করেছে। সার্কুলারে উল্লেখ করা হয়, সার্বিক ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য ব্যাংকগুলোতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মেধাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনা গড়ে তোলা অপরিহার্য। এ লক্ষ্যে প্রতিটি ব্যাংককে নিজ নিজ পরিচালনা পর্ষদের মাধ্যমে যুগোপযোগী, সমন্বিত ও কার্যকর 'মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা' প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
উক্ত নীতিমালায় স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, শিক্ষানবিশকাল ও স্থায়ীকরণ, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন, বেতন-ভাতা ও চাকরি-পরবর্তী সুবিধা, কর্মদক্ষতা মূল্যায়ন (এপিএ), জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি ও পদাবনমন এবং পদায়ন ও বদলির বিষয় সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। এ ছাড়া ব্যাংকের শীর্ষ নির্বাহী ও 'সি-স্যুট' পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য 'উত্তরাধিকার পরিকল্পনা', চাকরির অবসান, পদত্যাগ, চাকরিচ্যুতি ও পুনঃনিয়োগ, ছুটি ও কর্মস্থলে অনুপস্থিতি, আচরণবিধি, শৃঙ্খলা বিধান, স্বার্থের সংঘাত ব্যবস্থাপনা, দাপ্তরিক গোপনীয়তা রক্ষা এবং 'হুইসেলব্লোয়ার' (তথ্য প্রকাশকারী সুরক্ষা) সংক্রান্ত নীতিও নীতিমালায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়েছে, নতুনভাবে প্রণীত বা হালনাগাদ করা মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে অনুমোদন নিয়ে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বজনপ্রীতি রোধ ও আবেদনের সুযোগে সমতা নিশ্চিত করতে যেসব প্রারম্ভিক পদে প্রার্থীর পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, সেসব পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট, জনপ্রিয় জব পোর্টাল এবং কমপক্ষে দুটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রারম্ভিক পদের আওতায় ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও), সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার, ট্রেইনি ক্যাশ অফিসার, জুনিয়র ক্যাশ অফিসার, ক্যাশ অফিসার বা সমপর্যায়ের পদগুলো অন্তর্ভুক্ত থাকবে।