ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে রপ্তানি শুরু

বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে রপ্তানি শুরু

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ইন্দোনেশিয়ায় ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের টোব্যাকো মেশিনারি রপ্তানির মধ্য দিয়ে গত ৮ সেপ্টেম্বর এ কার্যক্রম শুরু হয়। এর ফলে বেপজার আওতাধীন ৮টি ইপিজেড ও ২টি অর্থনৈতিক অঞ্চলসহ মোট ১০টি শিল্পাঞ্চল এখন চালু হলো। বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর প্রথম রপ্তানিকারক প্রতিষ্ঠান লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড গত ৩ সেপ্টেম্বর বেপজা থেকে প্রথম রপ্তানি অনুমতি পায়। এর ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি গত ৮ সেপ্টেম্বর ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের টোব্যাকো মেশিনারি ইন্দোনেশিয়ায় রপ্তানি করে।

সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের মালিকানাধীন লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি বেপজার সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে মোট ৩ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে। বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এ শিল্প প্লট বরাদ্দ পাওয়া ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড প্রথম বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। আরো তিনটি প্রতিষ্ঠান অতি শিগগিরই উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু করবে। বাকি ১৪টি প্রতিষ্ঠান বর্তমানে নির্মাণাধীন রয়েছে।

ইন্দোনেশিয়ায় প্রথম রপ্তানির মাধ্যমে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে বেপজা।

বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর নির্বাহী পরিচালক মো. ওয়াহেদুজ্জামান বলেন, বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে কম। এ প্রেক্ষাপটে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে ইন্দোনেশিয়ায় রপ্তানি শুরু হওয়া বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ ও রপ্তানি গন্তব্য বহুমুখীকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

চট্টগ্রামের মীরসরাইয়ে ১ হাজার ১৩৮ দশমিক ৫৫ একর জমির ওপর বেপজা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম আরো কার্যকরভাবে পরিচালনার সুবিধার্থে বৃহৎ এ শিল্পাঞ্চলকে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ ও বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ নামে দুটি পৃথক জোনে বিভক্ত করা হয়। ইতোমধ্যে সরকার এ দুটি জোনকে পৃথক অর্থনৈতিক অঞ্চল হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত