
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে 'জব ফেয়ার ২০২৬'। আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট এবং জিআইজেড-এর অ্যাডভান্টেজ প্রজেক্টের আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে। দেশের সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া তরুণ-তরুণীদের দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলা কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল এবং জিআইজেডের অ্যাডভান্টেজ প্রজেক্টের উপদেষ্টা এইচ. এম. আসাদ উজ জামান।
জব ফেয়ারে আরএফএল, প্রাণ, হাতিল, নাভানা, ওয়ালটন, রানার, হোন্ডা, এসিআই ও ট্রান্সকমসহ দেশের ১৭টি শীর্ষস্থানীয় নিয়োগ প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলার অন্যতম আকর্ষণ ছিল 'ওয়াক-ইন ইন্টারভিউ', যেখানে বহু চাকরিপ্রত্যাশী সরাসরি সাক্ষাৎকারে অংশ নিয়ে তাৎক্ষণিকভাবে চাকরির সুযোগ লাভ করেন।