ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বন্ধ শিল্প ও সেবা খাতে প্রাক অর্থায়ন স্কিমে সংশোধন

বন্ধ শিল্প ও সেবা খাতে প্রাক অর্থায়ন স্কিমে সংশোধন

বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু এবং উৎপাদনশীল কর্মকাণ্ডে ফিরিয়ে আনতে ২০ হাজার কোটি টাকার 'বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম'-এর নীতিমালা সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে বৃহস্পতিবার জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। সার্কুলারে বলা হয়, এর আগে জারি করা সংশ্লিষ্ট সার্কুলার ও সার্কুলার লেটারের মাধ্যমে ঘোষিত 'বৃহৎ শিল্প' শব্দযুগলের পরিবর্তে 'শিল্প' শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে। এতে আরও বলা হয়, স্কিমের আওতায় ব্যাংক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ ৪ শতাংশ। অর্থাৎ, ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে গৃহীত প্রাক-অর্থায়নের বিপরীতে ৪ শতাংশ হারে সুদ প্রদান করবে। প্রাক-অর্থায়ন গ্রহণের ছয় মাস পর থেকে সুদ প্রদান শুরু হবে এবং প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদ পরিশোধের আওতায় থাকবে। গ্রাহক পর্যায়ে সুদের হার ও অন্যান্য চার্জের ক্ষেত্রে স্কিমের আওতায় সর্বোচ্চ ৭ শতাংশ সুদ নেওয়া যাবে। এ ছাড়া ঋণ বিতরণের ছয় মাস পর থেকে গ্রাহকের কাছ থেকে সুদ আদায় শুরু করতে হবে। সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, প্রাক-অর্থায়ন বাবদ ব্যাংক কর্তৃক গৃহীত ঋণের বিপরীতে গ্রেস পিরিয়ড শেষে ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংককে সুদ পরিশোধ করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত