
বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফি পরিশোধকে আরও সহজ, সুবিধাজনক এবং সাশ্রয়ী করতে সিপ্লটপে-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে। সিপ্লটপে হলো কমিউনিটি ব্যাংক পিএলসির বাই নাও, পে লেটার সেমিস্টার ফি পেমেন্ট সলিউশনের প্রযুক্তিগত সুবিধা প্রদানকারী পার্টনার। এ উদ্যোগের আওতায় শিক্ষার্থীরা প্রাথমিকভাবে উপায়-এর মাধ্যমে বিএনপিএল আবেদন-সংক্রান্ত ফি পরিশোধ করতে পারবেন এবং কমিউনিটি ব্যাংক পিএলসি কর্তৃক প্রদত্ত সেমিস্টার ফি অর্থায়নের জন্য আবেদন করতে পারবেন। ব্যাংকের অনুমোদন সাপেক্ষে যোগ্য শিক্ষার্থীরা বিএনপিএল সুবিধা গ্রহণ করতে পারবেন, যার মাধ্যমে তারা ব্যাংক কর্তৃক অনুমোদিত শর্তানুযায়ী কিস্তিতে তাদের সেমিস্টার ফি পরিশোধ করতে পারবেন। রোববার ঢাকায় উপায়-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।