
সপ্তাহের প্রথম কার্যদিবসের পর দ্বিতীয় কার্যদিবস সোমবারও দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। একই সঙ্গে কিছুটা কমেছে লেনদেনও। সোমবার লেনদেনের শুরুতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় সূচক ঊর্ধ্বমুখী ছিল। প্রথম দুই ঘণ্টা এ প্রবণতা অব্যাহত থাকলেও দুপুর ১২টার পর বাজারের চিত্র পাল্টে যায়। একের পর এক প্রতিষ্ঠান দরবৃদ্ধির তালিকা থেকে দরপতনের তালিকায় চলে আসে। শেষ পর্যন্ত ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও কমেছে ২৮৪টির। ৪৮টির দাম অপরিবর্তিত ছিল। দরপতনের প্রভাবে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৫ পয়েন্টে নেমেছে। ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ৮১ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনটিতে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৭ কোটি ১১ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৫৪২ কোটি ৯৮ লাখ টাকার চেয়ে ৫ কোটি ৮৭ লাখ টাকা কম। লেনদেনে শীর্ষে ছিল প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিটির ৩১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।