
স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) ক্ষেত্রে এত দিন যে বিধিনিষেধ ছিল, তা প্রত্যাহার করেছে সরকার। এর ফলে সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন কোম্পানিগুলোর স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির পথ খুলে গেল। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখা থেকে সোমবার এ-সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। এতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখার উপসচিব মো. মামুন রশীদ স্বাক্ষর করেছেন।
চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারের টেকসই উন্নয়নের স্বার্থে সরাসরি তালিকাভুক্তির ওপর আগে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসির ১৯ আগস্ট ২০২৬ তারিখের একটি পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি স্মারকের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। নতুন চিঠির মাধ্যমে সেই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।