ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকায় চলছে আন্তর্জাতিক পর্যটন মেলা

* মেলায় ২০০টিরও বেশি বুথ ও স্টল রয়েছে * ২০টি দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন প্রতিনিধি ও সংস্থা অংশ নিচ্ছে * মেলার পার্টনার কান্ট্রি হিসেবে রয়েছে মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও নেপাল
ঢাকায় চলছে আন্তর্জাতিক পর্যটন মেলা

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে (টোয়াব) ঢাকায় চলছে আন্তর্জাতিক পর্যটন মেলা। গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। এবারের মেলার প্রতিপাদ্য 'এআই পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন'। আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কাজে লাগিয়ে পর্যটন খাতের বিকাশ, পরিবেশবান্ধব পর্যটন বৃদ্ধি ও বৈশ্বিক সংযোগ জোরদার করাই এ মেলার লক্ষ্য। মেলার পার্টনার কান্ট্রি হিসেবে রয়েছে— মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও নেপাল। মেলা চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী। এসময়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান, বাংলাদেশস্থ ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেট, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি ও টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ।

এবারের মেলায় ২০০ টিরও বেশি বুথ ও স্টল, ২২০+ এক্সিবিটর, ২৫০+ কোয়ালিফাইড বায়ার, ২,৫০০+ ট্রেড ভিজিটর রয়েছে। একইসাথে, চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে ২০০-রও বেশি এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নিচ্ছে, যা বিটিটিএফ-কে ব্যবসায়ী ও ক্রেতাদের জন্যে একটি বৃহৎ প্ল্যাটফর্মে পরিণত করেছে।

টানা ১৩ বার সফল আয়োজনের পর এবার ১৪তম আসরে বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় পর্যটন মেলায় পরিণত হয়েছে। তিন দিনব্যাপী এ মেলায় নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ ২০টি দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন প্রতিনিধি ও সংস্থা অংশ নিচ্ছে।

এবার মেলার টাইটেল স্পনসর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ ছাড়া মেলা সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ও এফবিসিসিআই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত