
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলদা ও ডাঙ্গারচর এলাকায় বেসরকারি পর্যায়ে তেল শোধনাগার (রিফাইনারি) স্থাপনের প্রাথমিক অনুমোদন পেয়েছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রতিষ্ঠানটিকে এ অনুমোদন দিয়েছে। ১৮ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-২ শাখা থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়। উপসচিব আসিফ আহমেদ স্বাক্ষরিত আদেশে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহণ ও বিপণন নীতিমালা-২০২৩' অনুসারে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসিকে রিফাইনারি স্থাপনের প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে নীতিমালার ৮.৫ অনুচ্ছেদসহ প্রযোজ্য সব শর্ত প্রতিপালন করতে হবে।
অনুমোদনের শর্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট প্রচলিত ও ভবিষ্যতে প্রণীত সব আইন, বিধিমালা ও নীতিমালা অনুসরণ করতে হবে। এ ছাড়া সব কার্যক্রমে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আইন, ২০১৬, পেট্রোলিয়াম আইন, ২০১৬ ও পেট্রোলিয়াম বিধিমালা, ১৯৭৪ অনুসরণ করতে হবে।
রিফাইনারি স্থাপনের ক্ষেত্রে পরিবেশসংক্রান্ত সব আইন ও বিধিবিধান প্রতিপালনের বাধ্যবাধকতাও রয়েছে। প্রাথমিক অনুমতিপত্র পাওয়ার পর প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমোদন, ছাড়পত্র, অনাপত্তিপত্র ও লাইসেন্স সংগ্রহ করতে হবে।