
শাহিন শাহ আফ্রিদিকে আড়াল করার যথেষ্ট চেষ্টা করেছিলেন সিকান্দার রাজা। কিন্তু শেষ পর্যন্ত শাস্তির খড়গ নেমে এলো লাহোর কালান্দার্স অধিনায়কের ওপরই। দায় স্বীকার করলেও পার পেয়ে গেলেন রাজা। টিম হোটেলে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে একটি ঘটনার জেরে আফ্রিদিকে ১০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৩ হাজার ৬০০ মার্কিন ডলার) জরিমানা করেছে লাহোর কালান্দার্স। বিবৃতিতে কালান্দার্স জানায়, ‘শৃঙ্খলা বজায় রাখতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে’ অধিনায়কের ওপর এই জরিমানা আরোপ করেছে তারা। কালান্দার্সের অলরাউন্ডার রাজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, যাকে পুলিশ একই প্রোটোকল লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছিল। আফ্রিদিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করে জিম্বাবুয়ের এই ক্রিকেটার সোমবার সংবাদ সম্মেলনে বলেছিলেন, তিনি এই ঘটনার দায়ভার নিচ্ছেন। পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসিরকে পাঠানো পাঞ্জাব পুলিশের একটি চিঠি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর এই ঘটনা সামনে আসে। কালান্দার্স, আফ্রিদি এবং রাজার দলকে নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয় ওই চিঠিতে। অভিযোগ করা হয়, পিসিবির নিরাপত্তা ও দুর্নীতি দমন ব্যবস্থাপক এবং নাসির- উভয়ের পক্ষ থেকে রাজার কক্ষে দর্শনার্থী নেওয়ার অনুমতি না দেওয়া সত্ত্বেও আফ্রিদি ও রাজা কক্ষে অতিথি নিয়ে যান।
রাজা দাবি করেন যে, অতিথিরা তার কক্ষে ৪০ মিনিট ছিলেন। কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়, তারা সেখানে প্রায় তিন ঘণ্টা কাটিয়েছেন। পাকিস্তানি বংশোদ্ভুত জিম্বাবুয়ের এই ক্রিকেটার জানান, অতিথিরা তার পুরোনো বন্ধু ও স্বজন। ঘটনাটির বিস্তারিত বিবরণ কালান্দার্স স্বীকার করলেও বিবৃতিতে বলা হয়ে, এটিকে ‘জনসমক্ষে অতিরঞ্জিত করা হয়েছে, এর মূল প্রেক্ষাপটের বাইরে নিয়ে যাওয়া হয়েছে’ এবং ‘অপ্রয়োজনীয়ভাবে বড় করে দেখানো হয়েছে।’