
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ শেষে সতীর্থ মইন আলির সঙ্গে ডেভিড ওয়ার্নারের ‘উত্তপ্ত পরিস্থিতির’ একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ঘটনাটি নিয়ে চলছে নানা জল্পনা। দুজনের মধ্যে বিবাদের গুঞ্জনও উঠেছে। তবে করাচি কিংস অধিনায়ক ওয়ার্নারের দাবি, তেমন কিছুই আসলে সেখানে হয়নি। গত বৃহস্পতিবার লাহোরে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় কিংস। ১৯৮ রানের লক্ষ্য তাড়ায় ফিফটি করে দলের জয়ে অবদান রাখেন ওয়ার্নার। জয়ের জন্য শেষ ওভারে কিংসের প্রয়োজন ছিল পাঁচ রান। ড্যারিল মিচেলের প্রথম বলে এলবিডব্লিউ হয়ে যান মইন। পরের বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন আব্বাস আফ্রিদি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে করমর্দনের সময় উত্তেজিত ওয়ার্নার এগিয়ে যাচ্ছেন মইনের দিকে, তাকে কিছু একটা বলছেন তিনি। মইনও কিছু বলছেন। তখন কিংসের স্ট্র্যাটেজি প্রধান ও টিম ডিরেক্টর হায়দার আজহার সরিয়ে নেন ওয়ার্নারকে। অনেকে ধারণা করছেন, এই দুই অভিজ্ঞ খেলোয়াড়ের মধ্যে মাঠে মতবিরোধ তৈরি হয়েছিল।