ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

যে নির্বাচনের মধ্য দিয়ে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড দায়িত্ব নিয়েছে, সেটির অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত ১১ মার্চ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা ছিল। গতকাল রোববার তা জমা দেওয়া হয়েছে। সেই তদন্ত কমিটি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ডাকলেও তাতে সাড়া দেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা। সেখানেই বলেছেন কেন তিনি তদন্ত কমিটির মুখোমুখি হননি।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘আমি কেন বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেইনি: প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির ওপর এখতিয়ার বহির্ভূত ভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে।

তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করছেন। চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে ডিরেক্টর পদের লোভ, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।’ আসিফ মাহমুদ এ সময় প্রশ্ন তুলে আরও লিখেছেন, ‘যখন আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকারের বিষয়ে জানানো হলো। উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তারা তদন্ত করতে পারেন কি না, জানতে চেয়ে কোনো সদুত্তর পাইনি। কীভাবে সরকার চালাতে হয়, কীভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না। আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হব না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি।’

গত ১১ মার্চ সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল এনএসসি। মূলত নির্বাচনি প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কি না- তা খতিয়ে দেখাই ছিল কমিটির দায়িত্ব। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের সময় দেওয়া হলেও নির্ধারিত সময়ের আগেই তারা প্রতিবেদন জমা দেয় গতকাল রোববার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত