
এশিয়ান গেমসের হকির বাছাইপর্বে বরাবরই ফেবারিট বাংলাদেশ। এবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল লাল সবুজের প্রতিনিধিরা। উজবেকিস্তানকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত। আর সেমিফাইনালে যাওয়া মানে এশিয়ান গেমসেরও টিকিট হাতে পাওয়া। কিন্তু এক ঢিলে দুই পাখি শিকার করতে পারেনি বাংলাদেশ! ১-১ গোলে ড্রয়ে সব উলট পালট হয়ে গেছে। তবে এই ড্রয়ে সব সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ৯ দলের বাছাইপর্ব থেকে ৬টি দল যাবে চূড়ান্ত পর্বে। সে হিসেবে পঞ্চম বা ষষ্ঠ হয়েও চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের। বাছাইপর্বে তিন ম্যাচে একটি করে জয়, হার ও ড্রয়ে চার পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। উজবেকিস্তানের পয়েন্টও চার। গোল ব্যবধানে এগিয়ে থাকায় উজবেকরাই ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে নাম লিখিয়েছে।
এশিয়ান হকির এই বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। অথচ এবার এশিয়ান গেমসে খেলাই অনিশ্চিত হয়ে পড়ছে। বাংলাদেশ বি গ্রুপের তৃতীয় স্থানে। এই টুর্নামেন্টে নিয়মিত ফাইনাল খেলা বাংলাদেশকে এখন এশিয়ান গেমসে খেলতে হলে স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে।
সেখানে প্রথম ম্যাচ জিতলে তারা এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। পরের ম্যাচটি হবে পঞ্চম স্থান নির্ধারণের জন্য।
আগামী বৃহস্পতিবার প্লে-অফ ম্যাচে গ্রুপ ‘এ’-এর চতুর্থ স্থানে থাকা দলের মুখোমুখি হবে বাংলাদেশ, তবে প্রতিপক্ষ কে হবে তা এখনও নিশ্চিত হয়নি। এই ম্যাচে জয় পেলে এশিয়ান গেমসে জায়গা নিশ্চিত হবে, কিন্তু হারলে এই মহাদেশীয় বৃহৎ ক্রীড়া আসর থেকে ছিটকে যেতে হবে তাদের। ১১ দলের এই টুর্নামেন্টটি মহাদেশের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা হিসেবে বিবেচিত, যেখান থেকে শীর্ষ ছয়টি দল এ বছরের শেষের দিকে জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে।
এশিয়ান হকি ফেডারেশনের তথ্য মতে, আসন্ন সেপ্টেম্বরে জাপানের আইচি নাগোয়ায় হকিতে ১২ দল অংশগ্রহণ করবে। স্বাগতিক জাপানের পাশাপাশি র্যাংকিংয়ে এগিয়ে থাকায় ভারত,পাকিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চীন সরাসরি খেলবে। বাকি ৬ দল বাছাই থেকে খেলবে। গত ম্যাচে বাংলাদেশ ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হেরেছিল। উজবেকিস্তানকে নিয়মিত ৮-১০ গোলে হারানো বাংলাদেশ এদিন প্রথমবারের মতো পয়েন্ট হারাল।
জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেন, ‘উজবেকিস্তান কখনোই আমাদের সাথে লড়াই করতে পারেনি। তারা আজ প্রথম পয়েন্ট পেয়ে এশিয়ান গেমসে আর আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এটা খুবই উদ্বেগজনক।’
বাংলাদেশ তাদের অভিযান শুরু করেছিল চাইনিজ তাইপেইর বিপক্ষে ৪-৩ ব্যবধানের একটি কষ্টসাধ্য জয় দিয়ে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ৩-২ গোলে। গতকাল উজবেকিস্তানের বিপক্ষে ড্র করেছে খুব কষ্টে। ম্যাচের প্রথম কোয়ার্টারের সাত মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল পায় উজবেকিস্তান। তারা পুরো সময় ম্যাচে প্রাধান্য বিস্তার করেছে। একাধিক পেনাল্টি কর্নারও পেয়েছিল। বাংলাদেশ গোল পরিশোধ করেছে চতুর্থ কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে। পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল গোল করে সমতা আনেন। এরপর পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ আর লিড নিতে পারেনি। ফলে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার পর উজবেকিস্তান আরেকটি লজ্জার উপাখ্যান তৈরি করল।