
দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। এমতাবস্থায় যুক্তরাষ্ট্রের মাটিতে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলতে যাবে ইরান? এমন কোনো সুযোগ দেখছেন না ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি। তিনি জানিয়েছেন, যদি দেশটির ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়া না হয়, তাহলে তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারে। গতকাল রোববার তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফিফা যদি আমাদের অনুরোধ গ্রহণ করে, তাহলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে।’ এর আগে ইরান ফুটবল ফেডারেশন (ইএফএফ) আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে ম্যাচ স্থানান্তরের অনুরোধ জানালেও এখনও কোনো ইতিবাচক সাড়া পায়নি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আয়োজক। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যা নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।