
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউরোপের মঞ্চে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। প্রায় ১৪ বছর পর জার্মান ক্লাবটির কাছে পরাজয়ের স্বাদ পেল স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচে চমক দেখালেন মানুয়েল নয়ার। চল্লিশে এসেও পোস্টে দেয়াল হয়ে দাঁড়ালেন তিনি, করলেন দারুণ সব সেভ। এরপর, বিরতির আগে-পরে দারুণ দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিল বায়ার্ন মিউনিখ। শেষদিকে ব্যবধান কমাতে পারলেও, ঘরের মাঠে হার এড়াতে পারল না রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতেছে সফরকারীরা। লুইস দিয়াস ও হ্যারি কেইনের গোলে পিছিয়ে পড়ার পর, ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। গত মঙ্গলবার রাতের এই হাইভোল্টেজ ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। দুই দলই সুযোগ নষ্ট করেছে অসংখ্য, নয়তো স্কোরলাইন বড় হতে পারতো আরও।