
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলি শুরুর পরিবর্তিত সময় চূড়ান্ত করেছে বিসিবি। আগের দিন বোর্ড সভা শেষেই বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, বিদ্যুৎ বাঁচাতে এই সিরিজে ফ্লাড লাইটের ব্যবহার যতটা সম্ভব কম করতে চান তারা। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ খেলতে সোমবার বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। আগামী শুক্রবার ওয়ানডে সিরিজ দিয়ে শুরু মাঠের লড়াই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলি শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। নতুন সময়ে এখন তা শুরু হবে বেলা ১১টায়। ম্যাচ শেষের নির্ধারিত সময় ধরা হয়েছে সন্ধ্যা সাড়ে ৬টা। পুরো ১০০ ওভার খেলা হলে খেলা শেষ হতে পারে সন্ধ্যা ৭টার আশেপাশে। আগের সময়ে খেলা শেষ হতো ১০টার দিকে।
টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। পুরো ম্যাচই হওয়ার কথা ছিল কৃত্রিম আলোয়। এখন ম্যাচগুলি শুরু হবে দুপুর ২টায়।
শেষ হওয়ার নির্ধারিত সময় বিকেল ৫টা ১০ মিনিট। সেক্ষেত্রে শুধু শেষ দিকের কিছু আনুষ্ঠানিকতার জন্য ফ্লাড লাইটের প্রয়োজন হতে পারে। গত মঙ্গলবার বিসিবির অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়ে প্রথম বোর্ড সভার পর গত বুধবার দ্বিতীয় বোর্ড সভায় ম্যাচের সময় পরিবর্তনের এই সিদ্ধান্ত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে কারণ ব্যাখ্যা করেছিলেন সভাপতি তামিম।
তামিম সভাপতির দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় দিনেই বোর্ড সভা শেষে জানালেন, সরকারের বিদ্যুৎ বাঁচানোর অনুরোধে সাড়া দিচ্ছে ক্রিকেট বোর্ড।
‘আপনারা জানেন আমাদের বাংলাদেশ সরকার উৎসাহ দিচ্ছে যে, আমরা যতটুকু সম্ভব ইলেকট্রিসিটি যেন সেভ করতে পারি, সবাই মিলে অ্যাজ আ নেশন, যতটুকু সহায়তা করতে পারি। এগুলো মাথায় রেখে আমরা নিউজিল্যান্ডের ম্যাচের সময় পরিবর্তন করছি।