
পাকিস্তানে অনুষ্ঠিত সাউথ এশিয়া রিজিওনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী ছয়টি দেশকে পেছনে ফেলে বাংলাদেশ স্বর্ণপদক জিতেছে। দ্বৈতে লাল সবুজ দলের হয়ে খেলেছেন শাটলার সিফাত উলল্লহ গালিব ও নাজমুল ইসলাম জয়। দেশে ফেরার পথে তাদের বিমানের ভেতরেই অন্যরকম সংবর্ধনা দেওয়া হয়। তাদের সম্মানে বিমানের ভেতর কেক কেটে ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই আয়োজনটি ছিল যাত্রী ও সংশ্লিষ্টদের জন্য এক অন্যরকম মুহূর্ত। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেই ফ্লাইটে ছিলেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। দুই শাটলারকে নিয়ে কেক কেটে মুহূর্তটুকু উদযাপন করেন তিনিসহ অন্যরা। এ ধরনের উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির। তার কথা, ‘ব্যতিক্রম এমন সংবর্ধনায় উৎসাহ পান ক্রীড়াবিদরা। আমি বিমান বাংলাদেশ ও এর কেবিন ক্রুদের ধন্যবাদ জানাই।’