
অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এই আসর, গেল সপ্তাহে ক্লাবগুলোর সঙ্গে মিটিং শেষে এই সিদ্ধান্ত জানিয়েছিল বিসিবি। এরপর থেকে স্কোয়াড সাজাতে শুরু করেছে দলগুলো। গেলবারের চ্যাম্পিয়ন দল আবাহনীর প্রধান কোচ হিসেবে এবারো থাকছেন হান্নান সরকার। দলটির একটি সূত্র জানিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গঠন করতে যাচ্ছে আবাহনী। দলটিতে খেলবেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসানরা। এ দিকে আবাহনীতে থাকার কথা জানিয়ে হান্নান ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইনশাআল্লাহ, এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও আমি থাকছি আবাহনীর সঙ্গেই। খুব কঠিন সময়ে দলটার দায়িত্ব নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই স্মৃতি এখনও টাটকা। চ্যাম্পিয়ন একটা দলকে কেউই ছেড়ে যেতে চায় না। তবুও আমাকে আবাহনী ছেড়ে লিজেন্ডস অব রুপগঞ্জে যেতে হয়েছিল।’ ‘স্বেচ্ছায় না, বাস্তবতা মেনে। কারণ তখনও দলের সবাই নিশ্চিত ছিল না পরেরবার আবাহনী দল করবে কি না, কিংবা কেমন বাজেটে দল গুছাতে পারে! আবাহনীর নীতিনির্ধারক পর্যায়ের সবার সঙ্গে আলোচনা করে এবং তাদের পরামর্শ মেনেই রুপগঞ্জে গিয়েছিলাম।
তবে আবাহনীর সঙ্গে যোগাযোগটা সবসময়ই ছিল, থাকারই কথা।’ ‘সুসম্পর্ক এবং আস্থার জায়গাটা খুব ভালো ছিল বলেই হঠাৎ করে যখন লিজেন্ডস অব রুপগঞ্জ প্রিমিয়ার লিগে দলগঠন নিয়ে কিছুটা অনিশ্চয়তায়, আমাকে তখন দ্বিতীয়বার অন্য কোনো দল নিয়ে ভাবতে হয়নি।
আমি নিজে যতখানি খুশি আবারও আবাহনীতে ফিরে, আমার বিশ্বাস আমাকে তাদের সঙ্গে পেয়ে আবাহনীও ঠিক ততোটাই আনন্দিত এবং চিন্তামুক্ত। গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবারও ইনশাআল্লাহ তেমন কিছুরই অপেক্ষায়। দোয়া করবেন।’