
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এক সম্ভাবনাময় খেলা টেবিল টেনিস। এই খেলাকে এগিয়ে নিতে নতুন উদ্যোগ নিল ফেডারেশন। থাই কোচের পর এবার আনা হয়েছে জাপানি কোচ। গতকাল মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছেছেন জাপানি কোচ ইউতাকা নাকানো। দুই বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে ফেডারেশন। টেবিল টেনিস ফেডারেশনে এডহক কমিটি। যে কোনো সময় নির্বাচন কিংবা এডহক কমিটিতেও বদল আসতে পারে। সেই সময় একজন বিদেশি কোচের সঙ্গে দুই বছর চুক্তি খানিকটা ঝুঁকিপূর্ণ। তবে এডহক কমিটির কর্মকর্তাদের দাবি, টেবিল টেনিসের দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত।
এই বছর টেবিল টেনিসে অনেক ব্যস্ত সূচি। কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ এবং সাউথ এশিয়ান গেমসকে সামনে রেখে এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ১৮ এপ্রিল থেকে জাতীয় র্যাংকিংয়ের শীর্ষ ১৬ জন পুরুষ ও ১৬ জন মহিলা খেলোয়াড়কে এশিয়ান গেমসের সিলেকশন ক্যাম্পে ডাকা হয়েছে।
ইউতাকা নাকানো একজন সাবেক জাপানি টেবিল টেনিস খেলোয়াড়। যিনি পরবর্তীতে কোচিং পেশায় যুক্ত হন। আন্তর্জাতিক পর্যায়ে তার রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। কোচ হিসেবে এটি তার দ্বিতীয়বার বাংলাদেশে আগমন। এর আগে ২০২২ সালে তিনি ল্যাবএইডের সহযোগী প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টিং ক্লাবে দায়িত্ব পালন করেন। ল্যাব এইডের পরিচালক বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের এখন সহ-সভাপতি। বাংলাদেশে যোগ দেওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের স্যামসন দুবিনা টেবিল টেনিস অ্যাকাডেমিতে কোচ হিসেবে কর্মরত ছিলেন।
প্রধান কোচ হিসেবে নাকানোর দায়িত্বের মধ্যে রয়েছে- জাতীয় সিনিয়র ও যুব দলের জন্য আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন, প্রতিভা অন্বেষণ, আন্তর্জাতিক ও দেশীয় প্রতিযোগিতায় কৌশলগত দিকনির্দেশনা প্রদান এবং খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্স পর্যবেক্ষণ করে নিয়মিত প্রতিবেদন ফেডারেশনকে প্রদান করা। ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইউতাকা নাকানোর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশের টেবিল টেনিস নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্য আরও বাড়বে।’ তিনি আরও জানান, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতাকে সামনে রেখে আলাদাভাবে দল নির্বাচন করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে মহিলা দলের কোচ হিসেবে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন সালেহা সেতুকে নিয়োগ দেওয়া হয়েছে।