
দেশের ক্রিকেট ইতিহাসের নেতাদের নতুন করে সম্মানিত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়কদের সম্মান জানাতে এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান এডহক কমিটি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’ শিরোনামে বিশেষ এক আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সাবেক অধিনায়কদের হাতে তুলে দেওয়া হয় ক্যাপ্টেনস কার্ড। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে যারা অধিনায়কত্ব করেছেন, তাদের সবাইকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে সাবেক অধিনায়কদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার চিন্তা করছে বোর্ড। এই ক্যাপ্টেনস কার্ড দিয়ে আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বিপিএল যেকোনো ইভেন্টেই স্টেডিয়ামে যেতে পারবেন সাবেকরা। এ ছাড়া এই কার্ডধারী কেউ অসুস্থ হলে বিসিবির মেডিকেল টিম তার জন্য সবসময় অ্যাভেইলেবল থাকবে। কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না।
আজকের অনুষ্ঠানে দেশের ক্রিকেটের বিভিন্ন সময়ের অধিনায়করা একই ছাদের নিচে উপস্থিত হন। দেশের মোট ৩২ অধিনায়ক এই সম্মাননা পেয়েছেন। ২৭ জন পুরুষ অধিনায়ক এবং ৫ জন নারী অধিনায়ক পেয়েছেন বিশেষ এই কার্ড।