
বাংলাদেশ ফুটবল লিগের একই দিনে ভিন্ন দুই ম্যাচে জিতেছে দেশের দুই ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড ও মোহামেডান। তবে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে বিদেশিহীন খেলতে নামা কিংস। একই পথে হেটেছে ফর্টিজও। গতকাল শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগে একই সময় দেশের চারটি মাঠে গড়ায় চার ম্যাচ। গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে পুলিশকে ৩-১ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। ম্যাচের শুরুতে গোল করে আবাহনীকে এগিয়ে দেন এমেকা ওগবোগে। তবে প্রথমার্ধেই সেই গোল শোধ দিয়ে সমতায় ফেরান পুলিশের এমএস বাবলু। ৫৮ মিনিটে আল আমিনের গোলে ফের এগিয়ে যায় আকাশী হলুদরা। ৭০ মিনিটে দুই হলুদকার্ডের সুবাদে মাঠ ছাড়েন শরিফ উদ্দিন। দশজনের দলে পরিণত হয় পুলিশ। এই সুযোগে মিনিট আটেক পর পুলিশের জালে শেষ পেরেকটি ঠুকে দেন আবাহনীর শেখ মোরসালিন। যদিও ৮৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই ফরোয়ার্ডকে। তারপরও বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। এই জয়ে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে মারুফুল হকের দল। গোলগড়ে আবাহনীর চেয়ে পিছিয়ে থাকায় তিনে ফর্টিজ। ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে পুলিশ।
কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্সকে ৩-০ গোলে হারিয়ে প্রথম লেগে পরাজয়ের প্রতিশোধ নিল মোহামেডান। কোচ আলফাজ উত্তর সাদা কালোদের অন্যরকম জয় এটি। সাদা কালোদের হয়ে জয় আহমেদ, জুয়েল মিয়া ও রাফায়ের টুডু একটি করে গোল করেন। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে মোহামেডান, ১০ পয়েন্ট নিয়ে তলানীতে সমান ম্যাচ খেলা ফকিরেরপুল।
মুন্সীগঞ্জের ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করে বিদেশিহীন কিংসকে রুখে দিয়েছে রহমতগঞ্জ। লিগ টেবিলের শীর্ষে থেকে কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে নেমেছিল কিংস। ম্যাচের ১৩ মিনিটে কিংসকে এগিয়ে দেন শাহরিয়ার ইমন। রহমতগঞ্জকে ৪২ মিনিটে ম্যাচে ফেরান আর্নেস্ট বোয়েটেং। দ্বিতীয়ার্ধে দুই দলই একটি করে লালকার্ড দেখে, রহমতগঞ্জের অভিষেক লিম্বু ও কিংসের ফয়সাল আহমেদ ফাহিম। ফলে দশজন করে নিয়েই খেলে তারা। লিগের প্রথম দেখায় কিংস অ্যারেনায় রহমতগঞ্জকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। লিগের ১৩ রাউন্ড শেষে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই কিংস। চারে থাকা রহমতগঞ্জের সংগ্রহ ১৯ পয়েন্ট। সূত্রে জানা গেছে, বকেয়া বেতন না পাওয়ায় ম্যাচের আগে দু’দিন অনুশীলনেই নামেননি ফুটবলাররা। এক বছরে সাতটি নিষেধাজ্ঞা পাওয়ার পরেও বেতন নিয়ে গড়িমসি করায় ক্ষেপেছেন তারা। একই কারণে কাল রহমতগঞ্জের বিপক্ষে মাঠেও নামেননি কিংসের কোনো বিদেশি ফুটবলারই। যার খেসারত দিল রহমতগঞ্জের সঙ্গে ড্র করে।
অন্যদিকে কিংস অ্যারেনায় আরামবাগের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফর্টিজ। ড্র করেও ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে গোলগড়ে তৃতীয় স্থানে ফর্টিজ। ১০ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে আরামবাগ।