
জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন উথো হ্লা মারমা ও নুমে মারমা। গতকাল শুক্রবার শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ একক কাতায় সেনাবাহিনীর উথো এবং নারী একক কাতায় একই সংস্থার নুমে মারমা স্বর্ণপদক জেতেন। এছাড়া মেয়েদের ৪৫ কেজি কুমিতে সেনাবাহিনীর সূচনা আলিফ, ৪০ কেজিতে আনসারের সালেহা আক্তার ও ৫০ কেজিতে সেনাবাহিনীর মাউন জেরা বর্ণা স্বর্ণ জেতেন।
অন্যদিকে ছেলেদের দলগত কাতায় গাজীপুর সিটি কর্পোরেশন ও মেয়েদের এই বিভাগে স্বর্ণ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের বিভিন্ন জেলা, বিভাগ ও সংস্থার ৭৫টি দলের প্রায় ৮০০ জন কারাতেকা ও কোচেরা অংশ নিচ্ছেন।
দু’দিন ব্যাপী টুর্নামেন্টে ২১টি ক্যাটাগরিতে কাতায় চারটি ও কুমিতে ১৭টি ওজন শ্রেণীতে পদকের জন্য লড়ছেন কারাতেকারা।
এছাড়াও কাতা একক ও দলগত এবং কুমি একক ও দলগতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় চ্যাম্পিয়নশিপে পদকজয়ীরা সুযোগ পাবেন জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠেয় দক্ষিণ এশিয় কারাতে চ্যাম্পিয়নশিপে।