
আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলটির নেতৃত্বে থাকছেন শান মাসুদই। তবে প্রধান কোচের দায়িত্বে এসেছে নতুন মুখ। এই সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। যিনি গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর আগেই অবশ্য হয়ে গেছেন জাতীয় দলের নির্বাচক। এখন তার পরিচয়, পাকিস্তান টেস্ট দলের কোচ। বাংলাদেশ সফর দিয়ে শুরু হচ্ছে লাল বলের দলের কোচ হিসেবে সাবেক এই অধিনায়কের পথচলা। কোচিং স্টাফে সরফরাজর দুই সঙ্গীও নতুন। ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক ব্যাটসম্যান আসাদ শাফিক। বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পেসার উমার গুল। ৩৮ বছর বয়সী সরফরাজ টেস্ট কোচের দায়িত্ব পেতে চলেছেন বলে গুঞ্জন ছিল কিছুদিন ধরেই। সেটিই এবার সত্যি হলো। ৪০ বছর বয়সী শাফিক ব্যাটিং কোচ হওয়ার আগে জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন বেশ কিছুদিন। ৪৩ বছর বয়সী গুল বিভিন্ন দলে বোলিং কোচ বা পরার্শকের কাজ করে আসছেন বেশ কিছুদিন ধরেই।
নতুন কোচিং স্টাফের পাশাপাশি ১৬ জনের স্কোয়াডে নতুন ক্রিকেটারও আছেন চারজন। প্রথমবারের মতো পাকিস্তানের টেস্ট দলে সুযোগ পেয়েছেন আব্দুল্লাহ ফাজাল, আজান আওয়াইস, আমাদ বাট ও মুহাম্মাদ গাজি ঘোরি। চারজনের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে কেবল গাজি ঘোরির। গত মাসে বাংলাদেশ সফরে একটি ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন এই কিপার-ব্যাটার। আমাদ ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষেই টি-টোয়েন্টি দলে ছিলেন। তবে মাঠে নামার সুযোগ পাননি। ফাজাল ও আজান সব মিলিয়েই জাতীয় দলে ডাক পলেন প্রথমবার। ফাজাল ও আজান ওপেনার। এই সফরে দুজনের অন্তত একজনের টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। ২৩ বছর বয়সী ফাজাল ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪ সেঞ্চুরি ও ১০ ফিফটিতে ১ হাজার ৮২৮ রান করেছেন ৪১.৫৪ গড়ে। এখন তিনি পিএসএল খেলছেন রাওয়ালপিন্ডিজের হয়ে।
আজানকে মনে করা হয় দীর্ঘ পরিসরের ক্রিকেটে পাকিস্তানের ব্যাটিংয়ের সম্ভাব্য ভবিষ্যৎ তারকা। ৩৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১০টি সেঞ্চুরি করেছেন ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান। ৪৮.৬০ গড়ে রান করেছেন ২ হাজার ৬৭৩। ২৩ বছর বয়সী গাজি ঘোরিকে দলে রাখা হয়েছে মূলত বিকল্প কিপার-ব্যাটার হিসেবে। ২৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩ সেঞ্চুরিতে ১ হাজার ৬৯২ রান করেছেন তিনি ৪১.২৬ গড়ে। দলের আরেক নতুন মুখ আমাদ বাট পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ পেসার। ৬৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২০৫টি উইকেট নিয়েছেন তিনি, ব্যাট হাতে করেছেন ১টি সেঞ্চুরি ও ১০ ফিফটি। ৩০ বছর বয়সী পেসারের বিপিএল খেলার অভিজ্ঞতাও আছে। ২০২২-২৩ বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে ৫টি ম্যাচ খেলেছিলেন তিনি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পাকিস্তান দল থেকে এবার জায়গা হারিয়েছেন আব্দুল্লাহ শাফিক, রোহাইল নাজির, আমির জামাল, আসিফ আফ্রিদি, কামরান গুলাম, আবরার আহমেদ ও ফায়সাল আকরাম।দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার মোহাম্মাদ আব্বাস। সবশেষ গত বছরর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলেছেন এই সুইং বোলার। ৩৬ বছর বয়সী পেসার আপাতত ব্যস্ত কাউন্টি ক্রিকেটে।