
ভারতের গোয়ায় অষ্টম সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের পর্দা উঠতে যাচ্ছে আগামী ২৫ মে। এই টুর্নামেন্টের ড্র গতকাল বুধবার ঢাকার সাফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে অংশ নিচ্ছে না পাকিস্তান। ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান এবারের টুর্নামেন্টে ভারতের মাটিতে খেলতে আসছে না।
ফলে ছয়টি দেশের অংশগ্রহণে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের সামনে রয়েছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসরের ড্রয়ে গতবারের মতো এবারও গ্রুপে ভারতকে পেয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের অন্য দল মালদ্বীপ। ‘এ’ গ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যাবে সেমি-ফাইনালে। এরপর ফাইনাল। গত দুই আসরের শিরোপা জয়ী বাংলাদেশের সামনে এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।
২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩১ মে দল ?মুখোমুখি হবে ভারতের। দুটি সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন। শিরোপা লড়াই ৬ জুন। গত আসরেও গ্রুপ পর্বে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচটি আফঈদা-তহুরার নৈপুণ্যে ৩-০ গোলে জিতেছিল দল। ফাইনালে দ্বিতীয় শিরোপা মেয়েরা জিতেছিল নেপালকে ২-১ গোলে হারিয়ে। এ পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে সাতবার। ভারত সর্বোচ্চ পাঁচবার এই শিরোপা জিতেছে। ২০২২ সালে ভারতের যাত্রা থামিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
এদিকে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি নিরাপত্তার কারণে। এর কিছু দিন পরই অবশ্য শুটিং খেলতে যাওয়ার অনুমতি দেয় ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় নির্বাচনের পর ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক খানিকটা উন্নতি হয়েছে। তাই মে মাসে ভারতের গোয়ায় বাংলাদেশ নারী ফুটবল দল পাঠাতে ক্রীড়া মন্ত্রণালয় ইতিবাচক। হ্যাটট্রিক সাফের মিশনের জন্য বাংলাদেশ আগামী পরশু চট্টগ্রামে নিবিড় অনুশীলন শুরু করবে। দেশের বাইরেও প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা রয়েছে।