ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

লা লিগার শিরোপাদৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। লিগে বাকি ম্যাচগুলোয় রিয়ালকে ঘোচাতে হবে পয়েন্টের এই বিশাল ব্যবধান। সে জন্য শুধু নিজেদের ম্যাচগুলো জেতাই যথেষ্ট নয়, বার্সার হারের প্রার্থনাও করতে হবে আলভারো আরবেলোয়ার দলকে। রিয়ালের দর্শকরাও বিরক্ত। গত মঙ্গলবার রাতে আলাভেসের বিপক্ষে ম্যাচের শুরুর দিকে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র বল স্পর্শ করতেই গ্যালারি থেকে ভেসে এলো সমর্থকদের দুয়োধ্বনি। পরে এই দুজনই করলেন গোল। আলাভেসকে হারিয়ে লিগ টেবিলে ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল। তারা দুই অর্ধে করেছে একটি গোল করে। সৌভাগ্যের ছোঁয়ায় গোল পেয়ে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। বিরতির পর চোখধাঁধানো গোলে ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস। শেষ দিকে ব্যবধান কমান তনি মার্তিনেস। লা লিগায় দুই ও সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পেল আলভারো আরবেলোয়ার দল। ঘরোয়া লিগে মায়োর্কার বিপক্ষে হারের পর, জিরোনার সঙ্গে ড্র করে তারা। আর চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের দুই লেগেই বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে বিদায় নেয় প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নরা। এই জয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নামিয়ে আনল রিয়াল। ৩২ ম্যাচে ২৩ জয় ও চার ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। রিয়াল আক্রমণে একটু এগিয়ে থাকলেও, তাদের চোখে চোখ রেখেই খেলেছে অবনমন অঞ্চলের কাছে থাকা আলাভেস। সফরকারীদের দুটি প্রচেষ্টা পোস্টে বাধা পায়, রেয়ালের একটি শট লাগে ক্রসবারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত