
সিরিজের প্রথম ওয়ানডেতে শেষদিকে খেই হারালেও ৩ উইকেটের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল। ফলে গতকাল বুধবার দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যেত টাইগ্রেসদের। ব্যাটিং ব্যর্থতা সে লক্ষ্য পূরণ হতে দেয়নি বাংলাদেশকে। লঙ্কানদের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৬৬ রানের। বোলাররা চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ৭০ বল হাতে রেখে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। গতকাল বুধবার রাজশাহীতে দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কান নারী দলের জয় ৪ উইকেটে। বাংলাদেশের মেয়েদের ১৬৫ রান ৭০ বল বাকি থাকতে পেরিয়ে গেছে সফরকারীরা। বাংলাদেশের হয়ে চারটি চারে সর্বোচ্চ ৫৮ রান করেন নিগার। আর কেউ ২৫ রানের বেশি করতে পারেননি। একাদশে ফিরেই ম্যাচে সেরার পুরস্কার জিতে নেন চামারি আতাপাত্তু। অফ স্পিনে ৩ উইকেট নেওয়ার পর রান তাড়ায় ৮ চারে ৪০ রান করেন অভিজ্ঞ ক্রিকেটার। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। আগের ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা শারমিন আক্তার এদিন রানের খাতাই খুলতে পারেননি। শারমিন সুলতানাকে নিয়ে সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালান নিগার। কিন্তু তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি শারমিন। তিনটি চারে ২৫ রান করে আতাপাত্তুর বলে এলবিডব্লিউ হন তিনি, ভাঙে ৪৫ রানের জুটি। সোবহানা মোস্তারি দ্রুত বিদায় নিলেও স্বর্ণা আক্তার ও রিতু মনি ভালো শুরু পান। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তারা। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত ধরে রেখে খেলে যান নিগার। ৮৩ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। পঞ্চাশের পর বিদায় নেন নিগারও। পরে পুরো পঞ্চাশ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। দুই রানে শেষ তিন উইকেট হারিয়ে চার ওভার বাকি থাকতে গুটিয়ে যায় তারা। রান তাড়ায় নামা লঙ্কান শিবিরে ষষ্ঠ ওভারে ছোবল হানেন সুলতানা খাতুন। হাসিনি পেরেরার স্টাম্প ভেঙে দেন এই অফ স্পিনার। ইমেশা দুলানিকে দুই অঙ্ক ছুঁতে দেননি রিতু মনি। আরেক প্রান্তে দ্রুত রান বাড়িয়ে যান আতাপাত্তু। ষোড়শ ওভারে তাকে বোল্ড করে দেন নাহিদা আক্তার। চতুর্থ উইকেটে ৭৭ রানের জুটিতে ম্যাচের ভাগ্য গড়ে দেন হার্শিথা সামারাউইক্রামা ও হানসিমা কারুনারাত্নে। পরপর দুই ওভারে থিতু দুই ম্যাচকে ফিরিয়ে দেন নাহিদা। ৬ চারে ৪০ রান করে ক্যাচ দেন হানসিমা। আর সাতটি চারে ঠিক ৫০ রানে বোল্ড হন হার্শিথা। ততক্ষণে অবশ্য জয়ের দুয়ারে পৌঁছে গেছে শ্রীলঙ্কা।