
২০২২ ও ২০২৪ সালে টানা দুবার সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের সামনে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড মাঠে জোর প্রস্তুতি নিচ্ছেন ঋতুপর্ণারা। এই প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে আজ দেশে আসছেন সুইডেনপ্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। গতকাল শনিবার জাতীয় দলে আনিকার পুনরায় ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানান, দেশে পৌঁছেই সরাসরি চট্টগ্রামে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন এই প্রবাসী ফুটবলার। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে ব্রিটিশ প্রধান কোচ পিটার বাটলারের অধীনে গত শুক্রবার আফঈদা-আলপিদের নিয়ে এই ক্যাম্প শুরু হয়েছে।