
আগের ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতার পর এবার দুইশ ছাড়ানো পুঁজি গড়া গেল বটে; কিন্তু বোলিংয়ে এবারও লড়াই জমাতে পারল না বাংলাদেশ। আরেকটি অনায়াস জয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা। গতকাল শনিবার রাজশাহীতে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার জয় ৭ উইকেটে। এই সিরিজ দিয়ে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাত্রা শুরু করে এই দুই দল। জয়ে শুরুর পর, টানা দুই ম্যাচ হেরে গেল বাংলাদেশ। ঘুরে দাঁড়িয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল শ্রীলঙ্কা।
প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল রান তাড়া করে। পরের দুই ম্যাচেই হার সঙ্গী হলো আগে ব্যাটিং করে। দ্বিতীয় ম্যাচে ১৬৫ রানে গুটিয়ে যাওয়া নিগার সুলনাতার দল শেষটিতে ৫০ ওভারে করে ২১৩ রান। পাঁচে নেমে আট চারে ৮০ বলে ক্যারিয়ার সেরা ৭৪ রানের ইনিংস খেলেন সোবহানা মোস্তারি। নিগার একটি চারে ৪০ রান করতে বল খেলেন ৯০টি। আর কেউ ২৫ ছাড়াতে পারেননি। শ্রীলঙ্কা লক্ষ্য ছুঁয়ে ফেলে ২১ বল হাতে রেখে। ১৩ চারে ১৩১ বলে ৯৫ রানের ইনিংস খেলে জয়ের নায়ক হাসিনি পেরেরা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। অভিষেক সিরিজে প্রথম দুই ম্যাচে ৫ ও ২ রান করার পর, এ দিন একাদশে জায়গা হারান জুরাইরিয়া ফেরদৌস। তার জায়গায় সিরিজে প্রথম খেলতে নেমে ভালো করতে পারেননি অভিজ্ঞ ফারজানা হকও (২৬ বলে ১১)। আতাপাত্তুর বলে ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বোল্ড হন তিনি। পরের ওভারে শারমিন আক্তার সুপ্তার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন শারমিন সুলতানা। সাড়ে ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজে তিন ম্যাচে তার রান শূন্য, ২৫ ও ১৭। থিতু হয়ে ইনিংস টেনে নিতে পারেননি শারমিন আক্তার। বোল্ড হয়ে বিদায় নেন তিনি ৩৬ বলে ২৫ রান করে। ৬৯ রানে ৩ উইকেট হারানোর পর, চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটিতে দলকে টানেন নিগার ও সোবহানা। শুরু থেকে মন্থর ব্যাটিং করা নিগার পুষিয়ে দিতে পারেননি পরেও। ছক্কার চেষ্টায় বেরিয়ে এসে খেলে লং-অনে ধরা পড়ে শেষ হয় অধিনায়কের ৪৪.৪৪ স্ট্রাইক রেটের ইনিংস।
স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন টিকতে পারেননি। দলকে বলতে গেলে একাই টানেন সোবহানা। ৬০ বলে পঞ্চাশ ছুঁয়ে এগিয়ে যান তিনি। ইনিংসের শেষ বলে আউট হন তিনি ৭৪ রান করে। তার আগের সেরা ছিল অপরাজিত ৬৬। ১৬ বলে ২০ রান করেন রিতু মনি। ৪৮ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফলতম বোলার কাভিশা দিলহারি। বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল ইতিবাচক। পঞ্চম ওভারে আতাপাত্তুকে বিদায় করেন মারুফা আক্তার। ২১ বছর বয়সী পেসারকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় কিপারের গ্লাভসে ধরা পড়েন লঙ্কান অধিনায়ক। এরপর আর তেমন কিছু করতে পারেননি বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় উইকেটে ১০৮ রানের বড় জুটিতে শ্রীলঙ্কাকে এগিয়ে নেন হাসিনি ও ইমেশা দুলানি।