
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করল বাংলাদেশ। কিন্তু এরপর একের পর এক উইকেট হারানোর ধাক্কা আর সামলে উঠতে পারল না তারা। একপ্রান্তে ক্যারিয়ার সেরা ইনিংসে দলকে টানলে স্বর্ণা আক্তার। তবে দলের হার এড়াতে তা যথেষ্ট হলো না। সিলেটে মেয়েদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৫ রান হারিয়েছে শ্রীলঙ্কা। ১৬১ রানের পুঁজি গড়ে স্বাগতিকদের ১৩৬ রানে থামিয়ে দিয়েছে সফরকারীরা। এটি ছিল নাহিদা আক্তারের শততম টি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। তার কীর্তির দিনটি জয়ে রাঙাতে পারল না বাংলাদেশ।
লঙ্কানদের জয়ের নায়ক হার্শিথা সামারাউইক্রামা দুটি ছক্কা ও পাঁচটি চারে ৩৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় ফিফটিতে ৫৫ রান করতে সাতটি চার মারেন ইমেশা দুলানি। ছয়ে নেমে দুটি ছক্কা ও চারটি চারে ৪৫ বলে ৬০ রান করেন স্বর্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন তিনি। তার আগের সেরা ইনিংস ছিল পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩৭। টস জিতে ফিল্ডিং নিয়ে পঞ্চম ওভারেই লঙ্কান শিবিরে ছোবল দেয় বাংলাদেশ। হাসিনি পেরেরাকে ৭ রানে বিদায় করে দেন সুলতানা খাতুন। শেষ ধাক্কা সামাল দিয়ে ৪২ রানে জুটিতে দলকে পথে রাখেন চামারি আতাপাত্তু ও ইমেশা। দশম ওভারে আতাপাত্তুকে ফেরান অফ স্পিনার সুলতানাই। একটি ছক্কা ও চারটি চারে ৩০ বলে ৩২ রান করে শ্রীলঙ্কার অধিনায়ক। এরপর ম্যাচের সবচেয়ে বড় যুগলবন্দি উপহার দেন ইমেশা ও হার্শিথা। নাহিদার বলে ইমেশা স্টাম্পড হলে, ১৯তম ওভারে ভাঙে তাদের ৮০ রানের বন্ধন।