
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হতে বিশ্বের নানা প্রান্ত থকে আবেদন এসেছে। হাভিয়ের কাবরেরার উত্তরসূরি বাছাই করতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আপাতত ২২ জন কোচের তালিকা ধরে এগোচ্ছে।
এরইমধ্যে সবার বেতন জানতে চাওয়া হয়েছে। তবে কোচ নিয়োগে দলের বড় তারকা হামজা চৌধুরীর পরামর্শও নেবে বাফুফে।
জুনে সান মেরিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় ফুটবল কর্তারা। আপাতত তালিকায় একমাত্র দেশি কোচ জুলফিকার মাহমুদ মিন্টু রয়েছেন। তবে কোচের তালিকা ছোট হলে তার সেখানে থাকা হচ্ছে না। এমনটি জানিয়েছেন, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন।
তিনি বলেছেন, ‘আমাদের হাতে ২২ জন কোচের জীবন বৃত্তান্ত আছে। তা ছোট করে আনা হচ্ছে।
তালিকা কমিয়ে এনে আমরা টিম ম্যানেজমেন্ট কমিটির কাছে দেব। এই তালিকা ছোট করলে তখন মিন্টু বাদ পড়বে। আমরা ওর চেয়ে হাই প্রোফাইল কোচ চাইছি।
তালিকায় একাধিক এমন কোচ আছে। মিন্টু ভালো কোচ তাতে কোনও সংশয় নেই। আসলে আমরা এর চেয়ে ভালো কোচ চাইছি।’
জাতীয় দলের কোচ নিয়োগে আবার হামজা চৌধুরীর পরামর্শ নেওয়া হতে পারে এই কর্মকর্তা জানিয়েছেন, ‘বাফুফে সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল এমনিতে হামজার সঙ্গে সবসময় যোগাযোগ করে থাকেন।
কথা বা বার্তা আদান প্রদান হয়। এখন কোচ নিয়োগে হয়তো হামজার মতামত নেওয়ার সুযোগ আছে।
সেটা হয়তো আনঅফিসিয়ালি হতে পারে।’